ময়মনসিংহে পৃথক এলাকা থেকে ঘরের দরজা ভেঙ্গে দুই যুবকের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মহানগরীর সানকিপাড়া ও জেলার গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জামিরাকান্দা গ্রামের অনিল কুমার সূত্রধরের ছেলে অমিত কুমার সূত্রধর (২৬)। অপরজন জেলার গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের মোজাম্মেল সরকারের পুত্র রাজু সরকার (২৮)।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, অমিত ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ থেকে অর্নাস ও মাস্টার্স পাশ করেছেন। লেখাপড়া করার সুবাদে সানকিপাড়া এলাকার মাজার শরীফ এলাকার একটি ছাত্রাবাসে বসবাস করতেন। শুক্রবার রাত থেকে অমিতের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারছিল না তার পরিবার। পরে বিষয়টি তাদের এক আত্মীয়কে জানায়। ওই আত্মীয় তার ছাত্রবাসে গিয়ে রুমের দরজা বন্ধ পান। এই সময় তিনি জানালা দিয়ে অমিতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তবে, কি কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি জানার চেষ্টা চলছে।
অপর দিকে, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান, রাজুর পরিবারে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধ মিমাংসা করার জন্য সালিস দরবার হলেও মিমাংসা হয়নি। ঘটনার দিন শনিবার বিকেলে বাবা মোজাম্মেল সরকারের সঙ্গে রাজু সরকারের ঝগড়া হয়। এই ক্ষোভে সন্ধ্যার পর রাজু বসতঘরের দরজা জানালা বন্ধ করে ছাদের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এদিকে, ভেতর থেকে দরজা জানালা বন্ধ দেখে রাজুকে ডাকাডাকি করে তার বাবা। কোন সাড়া না পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে দরজা ভেঙ্গে রাজুকে ফাঁসিতে ঝুলতে দেখেন।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।