প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪০ পিএম (ভিজিট : ৪০৮)

X
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ছাত্রলীগ নেতা জীবন হত্যার খুনিরা যেন বাংলাদেশ থেকে দেশের বাইরে যেতে না পারে এবং বাংলাদেশের যে প্রান্তেই থাকুক না কেন সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ও সর্বচ্চো প্রচেষ্টা চালিয়ে খুনি আসাদসহ সহযোগিদের গ্রেফতার করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করলেও, খুনিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত জীবনের পরিবারের পাশে থাকার জন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশারকাজীপুর গ্রামে নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রদান শেষে এক শোক সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জীবনের স্ত্রী-সন্তানকে নগদ ১ লাখ টাকা সহায়তা প্রদান করেন। একই সঙ্গে জীবনের স্ত্রীকে চাকুরী প্রদানের আশ্বাস দেন। এ সময় নিহত জীবনের শিশু সন্তানকে কোলে নিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। পরে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে জীবনের কবর জিয়ারত করেন।
শোক সভায় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বাহিরে অবস্থান করলেও সন্ত্রাসী ও চরিত্রহীন খুনি আসাদ ও তার ভাইদের হাতে ত্যাগী আওয়ামী পরিবারের সদস্য জীবনের নির্মমভাবে খুন হওয়ার দুঃসংবাদ শুনে মর্মাহত হয়েছেন। একই সঙ্গে খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা স্বজন হারানোর বেদনা বুঝেন, বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা এবং দলের নেতাকর্মীদের কষ্ট বুঝেন। বাংলাদেশের মানুষের জন্য সুখ-শান্তি ও সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তাই জীবন হত্যারও সঠিক বিচার বাংলার মাটিতেই হবে।
তিনি বলেন, জীবন হত্যা বিশেষ মামলা বা চাঞ্চল্যকর মামলা তালিকা ভুক্ত করে জেলা আইনশৃংখলা কমিটির সভায় উপাস্থাপন করে প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী খুনি আসাদসহ তার সহযোগিদের সর্বচ্চো শাস্তি মৃত্যুদণ্ড যাতে হয়, সে লক্ষ্যে আমরা সবাই কাজ করবো। ইতো মধ্যে খুনি আসাদকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
এসময় আরো বক্তব্য রাখেন, নাটোর-২ ( সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর ও নওগাঁ আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তিসহ নাটোর জেলা ও নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বাবু/জাহিদ