প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৩:০৫ পিএম আপডেট: ০৩.১০.২০২২ ৩:১২ পিএম (ভিজিট : ৩৫৫)

X
সব বর্ণ-ধর্ম তাদের অধিকারকে রক্ষা করে অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ফখরুল সাহেব যেটি বলেছেন তাতে মনে হচ্ছে তাদের বোধোদয় হয়েছে, সেইটা যদি তারা ধরে রাখতে পারে তাহলে ভাল কথা।
সোমবার (৩ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধামাধব কেন্দ্রীয় আখড়া মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এর আগে আনিসুল হক তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সর্বত্র আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধ পরিকর। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। আমরা বিশ্বাস করি সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার দেওয়া এবং সুবিধা দেওয়া সরকারের কাজ। আমরা সেই সুবিধা-অধিকার দিয়ে আসছি, দিয়ে আসব। সভায় সভাপতিত্ব করেন রাধামাধব আখড়ার নির্বাহী সভাপতি চন্দন কুমার ঘোষ।
মন্ত্রী দুর্গাপূজা উপলক্ষে ২২টি দুর্গাপূজা মন্দিরের নেতৃবৃন্দেদের হাতে শুভেচ্ছা উপহার স্বরুপ নগদ ৮ হাজার টাকা করে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক দীপক কুমার ঘোষ প্রমুখ।
বাবু/জাহিদ