প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৬:১৭ পিএম (ভিজিট : ১৮৮)

X
গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত রেলগেইটে আবারো ট্রেন-প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই সোহেল হাসিব খান (৪৫) নামে এক প্রাইভেটকার যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের চালক সজিব আহমেদ (২৯)।
সোমবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলওয়ে সড়কের আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। যৌথভাবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম ও আড়িখোলা রেলওয়ে স্টেশনের মাস্টার দিলীপ চন্দ্র দাস।
নিহত সোহেল উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের আলী আজম খান ওরফে নায়েব মিয়ার ছেলে। তিনি সাইফ পাওয়ার টেকে কোম্পানির প্রধান পার্সেস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে, আহত প্রাইভেটকার চালক সজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। স্টেশন মাস্টার জানান, দুর্ঘটনার পর নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করেছেন।
এসআই বলেন, দুপুরে কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে নলছাটা রেলক্রসিং এলাকায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেসের ট্রেনের সাথে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও চালক গুরুতর আহত হন। মরদেহটি সনাক্ত করার পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, এই রেল ক্রসিংটি অরক্ষিত অবস্থায় থাকায় প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। গেল বছর ২ অক্টোবর একইস্থানে ঢাবির অবসরপ্রাপ্ত একজন অধ্যাপকসহ দুইজন এবং চলতি বছরের ২ মে তিনজন ব্যবসায়ী ট্রেনের সাথে সংঘর্ষে প্রাণ হারান। এছাড়াও ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলওয়ে সড়কের কালীগঞ্জ উপজেলায় এরকম আরো ৮টি অরক্ষিত রেলগেইট রয়েছে যা অত্যন্ত ঝুকিপূর্ণ। মূলত এই রেলক্রসিংয়ে কোন গেইটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। যে কারণে বাড়ছে প্রাণহানির সংখ্যা।
বাবু/জাহিদ