প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৪:৪০ পিএম (ভিজিট : ৯২১)

X
সাফ গেমস জয়ী নারী ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বিরূপ মন্তব্য করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. রাকিবুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক শিক্ষা অফিস।
তিনি আখাউড়া ইসলামিয়া টেকনিক্যাল আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আকবর খান বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ গেমস ফুটবলে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হয়। নারী ফুটবলারদের এই বিজয়ে সারাদেশের মানুষ তাদের প্রশংসা করে অভিনন্দন জানান। রাষ্ট্রীয়ভাবেও তাদেরকে সম্মান জানানো হয়। দেশের মানুষ এই জয়ে যখন আনন্দে ভাসছে ঠিক তখনই আখাউড়া ইসলামিয়া টেকনিক্যাল আলিম মাদ্রাসার শিক্ষক মো. রাকিবুল ইসলাম তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন ‘মুসলিম নারীদের পর্দাহীন খেলার জয় পরাজয় আমার কাছে একই’।
তার এই বিরূপ স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। এরই প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তাকে সাত কর্ম দিবসের মাধ্যমে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিস পাঠায়। পরে সমালোাচনার মুখে তিনি স্টাটাসটি মুছে ফেলেন। খোঁজ নিয়ে আরও জানা যায়, শিক্ষক রাকিবুল ইসলাম এর আগেও প্রবাসীদের নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। পরে তিনি লাইভে এসে ক্ষমা চেয়ে পার পান। এদিকে শিক্ষক মো. রাকিবুল ইসলামের বক্তব্যের জন্য তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে আখাউড়া ইসলামিয়া টেকনিক্যাল আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাও. নাসির উদ্দিন বলেন, কেউ যখন দেশদ্রোহী বা সরকার বিরোধী কোন কথা বলবে এটার বিরুদ্ধাচারণ আমিও করব। এর জন্য শাস্তিমূলক ব্যবস্থা হোক এটা আমিও চাই। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হজ্বে গেছেন। তিনি ফিরে আসলে আমরা এ ব্যপারে আলোচনা করে ব্যবস্থা নেব। এ ব্যপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আকবর খান বলেন, সাফ গেমস নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ সরকারের একটি বড় অর্জন। সরকারের বেতনভূক্ত একজন শিক্ষক হয়ে নারী ফুটবলারদের নিয়ে বিরূপ মন্তব্য করায় শিক্ষক রাকিবুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আগামী সপ্তাহে অফিস খোলার পর উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শ করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, ওই শিক্ষক এ ধরনের স্ট্যাটাস দিয়ে আমাদের বড় অর্জনকে ম্লান করে দিয়েছে। তার কাছে জবাব চাওয়া হয়েছে।
বাবু/জাহিদ