ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের উজানচরণঁওপাড়া (সীমার বুক) গ্রামের ব্রহ্মপুত্র নদের পাড়ে গত শুক্রবার সকালে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এ নিয়ে পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে অজ্ঞাত তরুণীর পরিচয় জানতে পারে তার পরিবার। গত শনিবার ঈশ্বরগঞ্জ থানায় যোগাযোগ করে আইনি প্রক্রিয়ায় লাশ গ্রহণ করে তারা।
অজ্ঞাত সেই তরুণীর নাম মোছা. রাবিয়া আক্তার (৯)। সে ময়মনসিংহ সদরের দড়ি কুষ্টিয়া এলাকার মো. শরিফুল ইসলাম ও মোছা. শাহনাজ খাতুন দম্পতির বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর বিকালে বুদ্ধি প্রতিবন্ধী রহিমা ব্রহ্মপুত্র নদে গোসল করতে আসলে আর খোঁজে পাওয়া যায়নি। পরে গত শুক্রবার ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের উজানচর নওঁপাড়া এলাকা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, অজ্ঞাত তরুণীর লাশটির পরিচয় শনাক্ত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।