প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৩:১৬ পিএম (ভিজিট : ৩০৮)

X
সোমবার (১০ অক্টোবর) চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ৯টি পদে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সিইউজে'র বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৪২৬ জন। তন্মধ্যে বিভিন্ন সময়ে বেশ কয়েকজন সদস্য মৃত্যুবরণ করেছেন।
নির্বাচন কমিশনার মোয়াজ্জেমুল হক জানিয়েছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী সুন্দর, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর। গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৩০ সেপ্টেম্বর ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ সেপ্টেম্বর ছিলো প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এরপর থেকে শুরু হয় প্রার্থীদের প্রচার-প্রচারণা। গত টানা ৫ দিন বিভিন্ন টেলিভিশন চ্যানেল, জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকার অফিসগুলোতে নিজেদের প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলেন বিভিন্ন পদের প্রার্থীরা। ৯ অক্টোবরও সারাদিন চলে শেষ মুহুর্তের প্রচারণা।
এবারের নির্বাচনে প্রার্থীরা হলেন সভাপতি পদে মোস্তাক আহমদ (দ্য ডেইলি অবজারবার), আসিফ সিরাজ, তপন চক্রবর্তী ( ব্যুরো প্রধান, বাংলানিউজ২৪) ও নাজিমুদ্দীন শ্যামল (ব্যুরো প্রধান, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস)। সিনিয়র সহ সভাপতি পদে মোহাম্মদ রুবেল খান (সংবাদ সারাবেলা), রতন কান্তি দেবাশীষ, সহ সভাপতি পদে অনিন্দ্য টিটো ( ব্যুরো প্রধান জিটিভি) ও শামসুল হুদা মিন্টু ( চট্টগ্রাম প্রতিদিন)। সাধারণ সম্পাদক পদে ম. শামসুল ইসলাম (দেশ রুপান্তর) মাঈনুদ্দিন দুলাল (ব্যুরো প্রধান, একাত্তর টিভি) ও সবুর শুভ (চিফ রিপোর্টার, দৈনিক পূর্বদেশ)।
যুগ্ম সম্পাদক পদে আরিচ আহমেদ শাহ, সাইদুল ইসলাম ও স্বরূপ ভট্টাচার্য। অর্থ সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম ও সৌমেন ধর। সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ মহরম হোসাইন, প্রীতম দাশ ও সুবল বড়ুয়া। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এসএম মিজানুর রহমান ইউসুফ ও সরওয়ার কামাল। নির্বাহী সদস্য পদে আলাউদ্দিন হোসেন দুলাল ও বিশু রায় চৌধুরী।
বাবু/জাহিদ