প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৬:৫৫ পিএম আপডেট: ১০.১০.২০২২ ৬:৫৮ পিএম (ভিজিট : ২৯১)

X
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম রোজ তালুকদারের নির্বাচনী অফিস ভাংচুর করার অভিযোগ করা হয়েছে। আগামী বুধবার ১২ অক্টোবর ওই ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আজ ছিল নির্বাচনী প্রচার প্রচারনার শেষ দিন।
ওই ইউনিয়নে তিনজন প্রার্থী নির্বাচন করছেন। নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনিসুর রহমান তালুকদার হীরা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ খান নাসির টেবিল ফ্যান প্রতীক নিয়ে এবং অপর স্বতন্ত্র প্রার্থী হেমনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম রোজ তালুকদার ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
গোলাম রোজ তালুকদারের কর্মী বাবুল হোসেন অভিযোগ করেন, প্রতিপক্ষের হামলার ভয়ে ঘোড়া প্রতীক প্রার্থীর নির্বাচনী অফিস তার নিজ বাড়িতেই করা হয়েছে। প্রচারনার শেষ দিন থাকায় সোমবার (১০ অক্টোবর) দুপুরে কর্মীসমর্থকদের নিয়ে তিনি কার্যালয়ে আলোচনায় বসেন। এ সময় হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মাহফুজ আলম একদল পুলিশ নিয়ে সেখানে চড়াও হন।
পাঁচমিনিটের মধ্যে কর্মীদের স্থান ত্যাগের নির্দেশ দেন। এক পর্যায়ে পুলিশ নির্বাচনী ব্যানার ও টেবিল চেয়ার ভাংচুর করেন। গোলাম রোজ তালুকদার অভিযোগ করেন, পুলিশ বিনা উসকানিতে হামলা ও ভাংচুর চালায়। এ ব্যাপারে হেমনগর ফাঁডির পরিদর্শক মো. মাহফুজ আলম জানান, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য টহল দেয়াকালে বিএনপি নেতা এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম রোজ তালুকদারের কর্মীসমর্থকরা পুলিশের উপর চড়াও হয়, গালিগালাজ শুরু করে।
পরে পুলিশ তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। পুলিশ কারো উপর চড়াও হয়নি, ভাংচুর ও করেনি। আগামী পরশুদিনের নির্বাচন যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে।
বাবু/জাহিদ