প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৬:১৮ পিএম আপডেট: ১১.১০.২০২২ ৬:২০ পিএম (ভিজিট : ১৮৮)

X
গাজীপুরে পুলিশ পরিচয়ে এটিএম বুথে ঢুকে গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সালনা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় প্রতারণার কাজে ব্যবহৃত পুলিশের ওয়াকিটকি, খেলনা পিস্তল, ইউনিফর্ম ও বিভিন্ন ব্যাংকের ৬টি এটিএম কার্ড জব্দ করা হয়। এছাড়া চক্রের মূলহোতা রুবেল পুলিশ পরিচয়ে বিয়ের পর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতো বলেও জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন হেড কোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-কমিশনার (মিডিয়া) মো.আলমগীর হোসেন। গ্রেফতারকৃতরা হলেন, চক্রের মূলহোতা রুবেল, তুষার ইসলাম, সবুজ মোল্লা এবং খায়রুল ইসলাম। রুবেল টাঙ্গাইলের ঘাটাইল থানার কমলেশ্বর এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। সে বর্তমানে মহানগরের গাছা এলাকায় ভাড়া থাকে প্রতারণা করে যাচ্ছিলো।
উপ-কমিশনার (মিডিয়া) মো.আলমগীর হোসেন জানায়, গার্মেন্টস কর্মীদের টার্গেট করে প্রথমে এটিএম বুথে ঢুকে কৌশলে তাদের কাছ থেকে গোপন পিন নাম্বার আয়ত্ব করে নিতো চক্রটি। পরে পিন কোড ব্যবহার করে টাকা হাতিয়ে নিতো। অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে পুলিশ পরিচয়ে বিয়ে করে মেয়েদের গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এ পর্যন্ত প্রতারণার মাধ্যমে সে ৪টি বিয়ে করেছে।
বাবু/জেএম