প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৭:১২ পিএম (ভিজিট : ৩২১)

X
অর্থ আত্মসাৎ মামলায় বগুড়া রিয়েল এস্টেট এসোসিয়েশন সভাপতি ও ট্রপিকাল বিল্ডিং টেকনোলজি এর সাবেক ব্যবস্থাপক মো. আনোয়ারুল করিম দুলাল এর জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে জেলা বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রবিউল আউয়াল উভয়পক্ষের জামিন শুনানী শেষে এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ০১/০৩/২০২২ তারিখে বগুড়া রিয়েল এস্টেটের সভাপতি মো. আনোয়ারুল করিম দুলাল ট্রপিক্যাল বিল্ডিং টেকনোলজিস লিমিটেড এর পক্ষে বগুড়া জ্বলেশ্বরীতলায় উক্ত কোম্পানীর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনরত অবস্থায় বিভিন্ন সময় ৪৩,৮৭,৯৩৫/- টাকা অর্থ আত্মসাৎ করেন।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গত ১ মার্চ ২০২২ তারিখে প্রতিষ্ঠানের মহা ব্যবস্থাপক ফাহাদ আল রহমান বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার জিআর নং ২১৫/২০২২( সদর)। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এস আই জাকির আল আহসান ২২ মে মামলার একমাত্র আসামি আনোয়ারুল করিম দুলালকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। এ ব্যাপারে আসামি আদালতে কোন পদক্ষেপ না নেয়ায় ২৩ আগস্ট ২২ তারিখ আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।
উক্ত মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন আনোয়ারুল করিম দুলাল। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার তিনি তাঁর আইনজীবীর মাধ্যমে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন। জামিন শুনানী শেষে বিজ্ঞ আদালত তাঁর জামিন আবেদন না মঞ্জুর করেন। পরবর্তীতে তাঁকে জেল হাজতে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটির পক্ষে শুনানী করেন এপিপি সিরাজুল ইসলাম, বাদীর নিযুক্ত আইনজীবী অ্যাড. ফেরদৌসী আক্তার রুনা। আসামিপক্ষে ছিলেন, অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান।
বাবু/জেএম