প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৩:১২ পিএম (ভিজিট : ৪১৯)

X
শনিবার (১৫ অক্টোবর) ময়মনসিংহে বিএনপির সমাবেশের আশপাশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে বাঁশের তৈরি লাঠি নিয়ে যাওয়ার পথে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী স্কুল বাজার ব্রীজ সংলগ্ন এলাকা থেকে শুক্রবার মধ্য রাতে ৪ জন ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সোহেল মিয়া (১৯), রনজিত মজুমদার (১৯), রাকিব (২০) ও মো. সাফাতুল্লা (৪৫)।
জানা যায়, শুক্রবার রাতে সিএনজি দিয়ে বাঁশের তৈরি লাঠিসহ উপজেলার মশাখালী ইউনিয়নের ৪ জন ছাত্রদল কর্মী রাত ২টার দিকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করে। মুখী স্কুল বাজার ব্রীজ এলাকায় বাঁশের লাঠি দেখে আওয়ামী লীগের কর্মী ও স্থানীয় জনতা তাদের আটক করে পাগলা থানা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি ভর্তি করে নিয়ে আসা ২টি প্লাষ্টিকের বস্তায় তিন ফিট লম্বা ১৪০টি বাঁশের তৈরি লাঠিসহ ৪ জনকে গ্রেফতার করে।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে ময়মনসিংহ শহরে বিএনপি কর্তৃক আহুত বিভাগীয় গনমহাসমাবেশস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক নৈরাজ্য সৃষ্টির জন্য তারা অন্তর্ঘাতমূলক কাজের প্রস্তুতি নিয়ে ময়মনসিংহ সমাবেশস্থলের উদ্দেশ্যে যাচ্ছিল। অন্তর্ঘাতমূলক ও নৈরাজ্যকর কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বাবু/জেএম