প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৭:৩৩ পিএম (ভিজিট : ২৫১)

X
নেত্রকোণা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসীত সরকার সজল।
জেলা নির্বাচন অফিস সূত্রে পাওয়া তথ্যে অসিত সরকার সজল (আনারস প্রতীক) মোট ভোট পেয়েছেন ৯৩৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত আসমা সুলতানা আশরাফ (প্রজাপতি) ভোট পেয়েছেন ২১৯টি। এছাড়াও ঘোড়া প্রতীক নিয়ে মো. সাহিদ খান জ্যোতি ভোট পেয়েছেন ৪৫টি।
এদিকে সাধারণ সদস্য পদে বিজয়ীরা হলেন, কলমাকান্দায় এসএম আলমগীর গোলাপ, সদর উপজেলা সৈয়দ বজলুর রশিদ, মোহনগঞ্জে মো. সোহেল রানা, আটপাড়ায় মোহাম্মদ ছানোয়ার উদ্দিন, বারহাট্টায় মো. লুৎফুর রহমান চঞ্চল, দুর্গাপুরে সুরমী আক্তার সুমী, খালিয়াজুরীতে মাজহার কিবরিয়া, মদনে এস এম মনিরুল হাসান টিটু, কেন্দুয়ায় মোস্তাফিজুর রহমান বিপুল, পূর্বধলায় মো. আফতাব উদ্দিন।
এছাড়াও সংরক্ষিত আসন-১ এ শাহনাজ পারভীন, সংরক্ষিত আসন-৩ এ ফরিদা ইয়াসমিন বিজয়ী হয়েছেন। এদিকে অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে নেত্রকোণায় জেলা পরিষদের নির্বাচন। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে টানা ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। জেলার ১০ উপজেলায় ১০টি ভোট কেন্দ্রে ২০টি কক্ষে ভোট গ্রহণ হয়েছে। মোট ভোটার সংখ্যা ১ হাজার ২১১টি। এর মধ্যে পুরুষ ভোটার ৯২৬ জন এবং নারী ভোটার ২৮৫ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৪০ জন এবং সংরক্ষিত পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে ১০ জন প্রিজাইডিং অফিসার, ২০ সহকারী প্রিজাইডিং অফিসার, ৪০ জন পোলিং অফিসার প্রতিটি কেন্দ্রে আনসার, পুলিশ, বিজিবি, র্যাবসহ অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ছাড়াও প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেছেন। নেত্রকোণা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ সেখ নিশ্চিত করে জানান, ইভিএম-এর মাধ্যমে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রনাধিন ছিল। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পেরেছি, জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাবু/জেএম