প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৪:৩২ পিএম (ভিজিট : ২৯০)

X
চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাওয়ে ঘরে ঢুকে পড়া জোয়ারের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। এ সময় নিহতের দুই ভাই ও ভাবী আহত হন। মোবারক হোসেন নামের ওই যুবক মহানগরীর মোহরা এলাকার মৃত নুর আলমের ছেলে।
সোমবার (২৪ অক্টোবর) রাত আড়াইটায় উত্তর মোহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মোবারকের ভাই মো. সালাউদ্দিন, তার স্ত্রী রাশেদা বেগম ও ছোট ভাই মো. সাদ্দাম। এর মধ্যে সাদ্দামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বাকি দু’জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাড়িতে জোয়ারের পানি ঢুকে পড়লে সবাই মিলে ঘরের আসবাবপত্র সরানোর চেষ্টা করছিল। এ সময় পানিতে বিদ্যুত ছড়িয়ে পড়ায় মোবারকসহ তাদের ঘরের চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোবারককে মৃত ঘোষণা করেন।
বাবু/জেএম