প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৪:৪১ পিএম (ভিজিট : ২০৪)

X
কক্সবাজার কলাতলী থেকে ৬ বস্তা চোলাই মদসহ এক সিএনজি চালকে গ্রেপ্তার করেছে ট্রাফিক পুলিশের একটি টিম। ওই সময় তার সিএনজিটিও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত সিএনজি চালক জাহেদুল ইসলাম জসিম রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংঘাটা এলাকার মোক্তার মিয়ার ছেলে। সোমবার ২৪ (অক্টোবর) ট্রাফিক পুলিশ মদ ও সিএনজিসহ তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে কক্সবাজার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তুহিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার একটি নম্বরবিহীন সিএনজি কক্সবাজার বাসস্ট্যান্ডের দিক থেকে কলাতলী গোল চত্বর পেরিয়ে শহরের দিকে যাচ্ছিল। এ সময় সিএনজি ট্যাক্সিটি লাইসেন্স নম্বরবিহীন দেখে কর্তব্যরত সার্জেন্ট সুব্রত ও এটিএসআই শাহাবুদ্দীন থামানোর সংকেত দেন।
চালক না থামিয়ে দ্রুতগতিতে ট্রাফিক সিগন্যাল না মেনে পালিয়ে যায়। একপর্যায়ে এটিএসআই শাহাবুদ্দীন মোটরসাইকেল নিয়ে পেছন পেছন ধাওয়া করে পর্যটন এলাকার কলাতলী রোডের হোটেল লং বিচের সামনে থেকে গাড়িটি আটক করে। চালককে কলাতলী ট্রাফিক পুলিশ বক্সের সামনে নিয়ে যাওয়ার পর সিএনজি তল্লাশি করলে ৬ বস্তা চোলাই মদ পাওয়া যায়। পরে উদ্ধারকৃত মদ, সিএনজি ও আটক ব্যক্তিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, মদসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বাবু/জেএম