প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৫:৫৪ পিএম আপডেট: ২৫.১০.২০২২ ৫:৫৭ পিএম (ভিজিট : ৩৬৬)

X
মৌলভীবাজারের কুলাউড়ায় মরহুম হাজী আকমল আলী সিদ্দিকী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) উপজেলার ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা মাঠে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। ট্রাস্টের চেয়ারম্যান জুবায়ের সিদ্দিকী সেলিমের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল সিদ্দিকী খালেদের পরিচালনায় এসময় অতিথির বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যাক্ষ সিপার উদ্দিন আহমেদ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল আলম সিদ্দিকী শেফুল, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাকারিয়া, ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. উমেদ আলী, ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি শেখ মনিরুল ইসলাম ও ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদার প্রমুখ।
আয়োজকরা জানান, ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আকমল আলী সিদ্দিকী কল্যাণ ট্রাস্ট ২য় বারের মতো এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। ভাটেরা, বরমচাল ও ভূকশিমইল ইউনিয়নের সহস্রাধিক লোকজন এখানে চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীদের ব্যবস্থাপত্রসহ বিনামূল্যে ঔষধ দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া ফ্রি মেডিকেল ক্যাম্পে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন।
বাবু/জেএম