প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৩:২২ পিএম আপডেট: ২৮.১০.২০২২ ৩:২৫ পিএম (ভিজিট : ২০৭)

X
নেত্রকোণার সরকারি কৃষি ফার্ম এলাকা থেকে আমিরুল ইসলাম (২৪) নামের এক পেশাদার চোরের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ ঘটনায় সোহাগ মিয়া নামের (২৪) আমিরুলের সাথে থাকা অপর সহযোগী যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ সুপার কার্যালয়ে সিসি টিভির ক্যামেরায় বিএ ডিসি ফার্মের ভেতরে যুবকের যাওয়া আসা দেখে সন্দেহ হয়। পরে ভিডিও পর্যবেক্ষণ করে ফার্মের ভেতর খোঁজ নিয়ে দেখা গেছে এক যুবকের লাশ পড়ে আছে। পুলিশ শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সকালেই আমিরুলের বন্ধু সোহাগ মিয়া (২৪) কে আটক করেছে মডেল থানার পুলিশ। আটক সোহাগ ফার্মের কাছাকাছি এলাকা চল্লিশাকান্দায় থাকতো।
নিহত আমিরুল পুর্বধলা উপজেলার পানিসা গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। সেও কুড়পাড় ভুইয়া বাড়ি এলাকায় ভাড়া থাকতো। পুলিশ আরও জানায়, আমিরুলের বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় চুরি সহ বিভিন্ন অপরাধে ৯ টি মামলা রয়েছে। এছাড়াও বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা আছে। তারা দুজন এক সাথেই চুরিসহ মাদক সেবন করতো। নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, গত রাতেও এরা একসাথে ছিলো। মনে হয় রাত ১০টার দিকে ঘটিয়েছে এ ঘটনা।
ধারণা করা হচ্ছে চুরির টাকা ভাগাভাগি করতে গিয়ে হয়তো এই খুনের ঘটনা ঘটিয়েছে। লাশের পাশে নেশা জাতীয় ড্যান্ডি পাওয়া গেছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা আটক সোহাগকে জিজ্ঞাসাবাদ করছি। চুরির মালামাল কোন কোন ভাঙ্গারির দোকানে বিক্রি করেছে সেটিও খবর নিচ্ছি।
বাবু/জেএম