প্রকাশ: রোববার, ৩০ অক্টোবর, ২০২২, ৬:৫৮ পিএম (ভিজিট : ৩৭০)

X
মাদারীপুরের রাজৈরে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ইজিবাইক চালকরা। রোববার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ডের মহাসড়কের ওপর ইজিবাইক রেখে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ মিছিল করে ঘণ্টাব্যাপী এ অবরোধ করা হয়।
এ সময় মহাসড়ক অবরোধের উভয় পাশে প্রায় ৮ কিলোমিটারব্যাপী যানজটের সৃষ্টি হয়। রাজৈর থানার পুলিশ সমস্যা সমাধানের আশ্বাস দিলে ইজিবাইক চালকরা অবরোধ তুলে নেয়। ইজিবাইক চালকরা বিক্ষোভ মিছিলের সময় জানান, হাইওয়ে পুলিশ প্রতিদিনই চাঁদাবাজি করে আসছে। তাদের দাবি মিটাতে মিটাতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। হাইওয়ে পুলিশের মানসিক ও অর্থনৈতিক নির্যাতনে আমাদের মতো খেটে খাওয়া মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। আমরা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ইজিবাইক, সিএনজি অটোভ্যান কিনে জীবিকা নির্বাহী করছি। এসব ঋণের কিস্তি টানতে গিয়ে আমাদের নাভিশ্বাস অবস্থা।
অন্যদিকে হাইওয়ে পুলিশকে নিয়মিত বখরা দিলে সেই গাড়ি হাইওয়েতে চলতে পারে। না দিলে গাড়ি আটকিয়ে তাদের চাহিদা মোতাবেক টাকা আদায় করে ছেড়ে দেয়। এ দুর্মূল্যের বাজারে কিস্তি টেনে ও পুলিশের চাঁদা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। আমাদের গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে অন্ধকার জগতে (চুরি, ডাকাতি) প্রবেশ করতে বাধ্য হব। তাই আমরা বাধ্য হয়ে হাইওয়ে পুলিশের চাঁদাবাজির নির্যাতন থেকে বাঁচতে রোববার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ডের মহাসড়কে ইজিবাইক রেখে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ মিছিল করে এ অবরোধ করতে বাধ্য হয়েছি।
ইজিবাইক চালক মনিরুজ্জামান জানান, আমরা পৌরসভার মধ্যে নির্বিঘ্নে চলাচল করতে পারলে ঋণের টাকা পরিশোধের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে কোনোরকম বাঁচতে পারব। পরে রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে এ বিষয়ে সমাধানের আশ্বাস দিলে ইজিবাইক চালকরা অবরোধ তুলে নেন।
হাইওয়ে পুলিশের এসআই একরাম হাসানুজ্জামান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, হাইওয়েতে ইজিবাইক চালানো হাইকোর্ট থেকে নিষেধ। তাই আমরা হাইওয়েতে ইজিবাইক চালালে মামলা দেই। এ মামলা দেওয়ার কারণে ওরা আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনেছে। রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ইজিবাইক চালকদের মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের সমাধানে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
বাবু/জেএম