প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৫:৫৬ পিএম (ভিজিট : ৮৪৩)

X
রাজশাহীর বাঘায় নিখোঁজের তিনদিন পর আম বাগান থেকে দশম শ্রেণীর ছাত্র সাব্বির হোসেনের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের পেছনে তুলসিপুর এক আম বাগানের নালা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সাব্বির হোসেন উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও হায়দার আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাব্বির হোসেন গত রোববার (৩০ অক্টোবর) স্কুল ছুটির পর বিকাল ৪টার দিকে বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু তার পর আর বাড়ি ফিরেনি। এর পর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ওইদিনই সাব্বিরের চাচা শরিফুল ইসলাম বাদী হয়ে বাঘা থানা একটি সাধারণ ডায়েরি করেন।
এই অবস্থায় গত সোমবার ৩১ অক্টোবর দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকার চারঘাট ঈশ্বরর্দী সড়কের পাশে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারিবিহীন ভ্যানটি পাওয়া যায়। এদিকে নিখোঁজের তিনদিন পর বুধবার মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের পেছনে তুলসিপুর বজলু মাষ্টারের আম বাগানের নালার মধ্যে সাব্বিরের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সাব্বির হোসেনের চাচা শরিফুল ইসলাম বলেন, আমার ভাই ভ্যান চালিয়ে সংসার চালায়। কোনো কোনো সময় স্কুল ছুটির পর ভাতিজা আশপাশে ওই ভ্যানে ভাড়া মারে। সেই টাকা তার বাবাকে দেয়, সেই ভ্যান চালানোই কাল হলো তার।
বাঘা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেরর মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে ব্যাটারি ছিনতাইয়ের উদ্দেশ্যেই ছিনতাইকারীরা সাব্বিরকে হত্যা করে লাশ আমবাগানের নালার মধ্যে ফেলে রেখেছিল।
বাবু/জেএম