প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৬:০৩ পিএম (ভিজিট : ১৯৮)

X
বগুড়ায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক জিন্নাতুল ইসলামকে। অভিযোগ পেয়ে মঙ্গলবার গভীর রাতে বগুড়া সদর থানা পুলিশ তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। বুধবার সকালে জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর জামিনের আবেদন করা হলে, আদালতের বিচারক সুরাইয়া সিদ্দিকা ওই শিক্ষকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর সুব্রত কুমার ব্যানার্জী। তিনি জানান, ধর্ষণের মামলায় গ্রেপ্তার জিন্নাতুলকে আদালত জামিন আবেদন নাকচ করা হলে তাঁকে বুধবার বিকেলে বগুড়া কারাগারে পাঠানো হয়। সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জিন্নাতুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বগুড়া সদর থানায় মামলা করেন একই বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী।
এজাহারে ওই শিক্ষার্থী অভিযোগ করেছেন, তিন-চার বছর আগে প্রাইভেট পড়ার মাধ্যমে শিক্ষক জিন্নাতুলের সঙ্গে ওই তরুণীর পরিচয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তরুণীকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন জিন্নাতুল। এ ছাড়া তরুণীর নগ্ন ছবি ও ভিডিও তুলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন শিক্ষক। ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার সঙ্গে বারবার ঘনিষ্ঠ হন তিনি। ১০ অক্টোবর নিজ বাড়িতে ওই শিক্ষক সর্বশেষ তাকে ধর্ষণ করেন।
এতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ৩১ অক্টোবর স্থানীয় একটি রেস্টুরেন্টে বসে তাকে সন্তান নষ্টের জন্য হুমকি দেন এবং মারধর করেন জিন্নাতুল। তরুণী মঙ্গলবার সকালে সদর থানায় অভিযোগ করেন। সন্ধ্যায় জিন্নাতুলকে আটক করে পুলিশ। মামলার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাবু/জেএম