প্রকাশ: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৬:৫২ পিএম (ভিজিট : ২৮২)

X
চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন স্থানীয় বিএনপি নেতা সলিমউল্লাহ লাভলু। বুধবার (২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার মান্দারতলী গ্রামে নিহতের বাড়ির পাশের সড়ক থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় নিহতের স্কুলপড়ুয়া ছেলে লাবিবের ওপর তিন কিশোর মোটরসাইকেলের চাকা তুলে দেয়। এ ঘটনার পর সলিমুল্লাহ লাভলু তাদের বকাঝকা করেন। স্বজনদের ধারণা, ওই কিশোরদের হাতেই খুন হয়েছেন লাভলু। এমন অভিযোগ করেন নিহতের ভাতিজা কায়েস। নিহতের স্বজনরা আরো জানান, গত রাতে মান্দারতলী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঘুমিয়ে ছিলেন সলিমুল্লাহ লাভলু। ভোরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির খুব কাছাকাছি এলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এদিকে সলিমুল্লাহ লাভলুর মৃত্যুর সংবাদ পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। তাদের দাবি, খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এলাকায় তার বেশ জনপ্রিয়তা ছিল বলেও জানান তারা।
এদিকে হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে থানা পুলিশের সঙ্গে পিবিআই ও সিআইডি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি। অন্যদিকে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল তা দ্রুত খুঁজে আইনের আওতায় আনা হবে। এমন কথা জানান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মইনুল ইসলাম।
নিহত সলিমুল্লাহ লাভলু মতলব উত্তর উপজেলা ফতেহপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তার স্ত্রী মিলি বেগম গৃহবধূ। এ ছাড়া ছেলে লাবিব এলাকার মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে এবং মেয়ে লুবনা রাজধানী ঢাকার উত্তরা রাজউক কলেজে প্রথম বর্ষে পড়াশোনা করে।
বাবু/জেএম