প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৪:০৪ পিএম আপডেট: ০৫.১১.২০২২ ৪:০৭ পিএম (ভিজিট : ২০৬)

X
শারীরিক প্রতিবন্ধি মজিবর রহমান স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। হামাগুড়ি দিয়ে চলতে হয়। এভাবেই তিনি যোগ দিয়েছে বরিশালে বিএনপি’র বিভাগীয় গণসমাবেশে। বরিশালের হিজলা উপজেলা থেকে গণসমাবেশ যোগ দিয়েছেন তিনি। সমাবেশ মঞ্চের কাছে হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে দেখা গেছে মজিবরকে।
মজিবর বলেন, হিজলা থেকে ট্রলারে বরিশাল এসেছেন। কীর্তনখোলা নদীর তীরে নামার পর হামাগুড়ি দিয়ে পৌঁছেছেন সমাবেশস্থলে। দলকে ভালোবেসে নিজের ইচ্ছায় সমাবেশস্থলে এসেছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুষ্ঠু ভোটের দাবি জানান মজিবর। এসব দাবির বাস্তবায়ন করতে বরিশাল বিভাগীয় সমাবেশে এসেছেন বলে জানান তিনি।
বরিশালে বিএনপির গণসমাবেশে সকাল থেকেই বিপুল সংখ্যক নেতা-কর্মীরা বিভিন্ন জেলা-উপজেলা থেকে যোগদান করেছেন। ইতোমধ্যে গণসমাবেশে শুরু হয়ে গেছে। বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ও চরমোনাই ইউনিয়ন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে দাফনের কাপড় পরে মিছিলে যোগদান করেছেন নেতা-কর্মীরা। এছাড়াও হুইল চেয়ারে সমাবেশস্থলে যান সদর উপজেলার কয়েকজন প্রতিবন্ধীরা।
কাফনের কাপড় পরে আসা একটি মিছিলের নেতৃত্ব দেওয়া বিলকিস জাহান শিরিন বলেন, আমাদের হাজার হাজার নেতা-কর্মী সমাবেশস্থলে এসেছে। সরকারের কোনো বাধাই কাজে আসেনি। নেতা-কর্মীরা গুম-খুনের প্রতিবাদে দাফনের কাপড় পরে এ সমাবেশে যুক্ত হয়েছেন। এদিকে, বেলা যতই বাড়ছে সমাবেশস্থলে নেতা-কর্মীদের ভিড় ততই বাড়ছে। বঙ্গবন্ধু উদ্যানে স্থান না হওয়ায় মিছিল সহকারে নেতা-কর্মীদের পার্শবর্তী সড়কগুলোতে অবস্থান নিতে দেখা গেছে। এসব নেতা-কর্মীদের হাতে বিভিন্ন নেতাদের ছবি সংবলিত প্লাকার্ড লক্ষ্য করা গেছে।
বাবু/জেএম