প্রকাশ: রোববার, ৬ নভেম্বর, ২০২২, ৫:০৬ পিএম (ভিজিট : ৩০৩)

X
বগুড়ায় চাঞ্চল্যকর শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারী চাঁন হত্যার ঘটনায় মো. রঞ্জন (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৬ নভেম্বর) ভোর রাতে কলোনী চকফরিদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রঞ্জন ওই এলাকার রশিদ প্রামানিকের ছেলে ও পেশায় একজন ঠিকাদার।
র্যাব দাবি করেছে, আইনজীবী চাঁন মিয়া হত্যার মূল পরিকল্পনাকারী এই রঞ্জন। মামলার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি। এছাড়া গ্রেপ্তারকৃত রঞ্জনের বিরুদ্ধে চারটি হত্যা ও একটি অস্ত্র মামলা চলমান আছে। তিনি এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত জানান।
র্যাব-১২ বগুড়ার এই কর্মকর্তা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আইনজীবী চাঁন মিয়াকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রহিম, সাকিব ও শফিকুলসহ আরও বেশকয়েক জন সরাসরি অংশ নেন। তারা চাঁন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পরেই র্যাব আসামিদের ধরতে মাঠে নামে। একপর্যায়ে আব্দুর রহিম ও সাকিবের মুঠোফোন নম্বর বিশ্লেষণ করে দেখা যায় চাঁন মিয়াকে হত্যার মূল পরিকল্পনা করেন রঞ্জন। দীর্ঘদিন চাঁন মিয়ার সাথে তার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরজেরে তিনি তার চাচা শ্বশুর রহিম ও শ্যালক সাকিবকে এ হত্যাকাণ্ড সংগঠিত করার নির্দেশ দেন। মূলত এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আরও জানান, রঞ্জনকে চাঁন মিয়া হত্যায় গ্রেপ্তার দেখিয়ে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে৷ এছাড়াও হত্যার ঘটনায় জড়িত অন্যানদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে র্যাব। এর আগে গত ১ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের কলোনী চকফরিদ এলাকায় শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারীর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। ওইদিন তার স্ত্রী রুনা মাহামুদ বাদী হয়ে আব্দুর রহিম, শফিকুল ও সাকিবের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা চার থেকে পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। প্রায় চারদিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
আব্দুল বারী চাঁন ওই এলাকার চকফরিদের মৃত কবেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করতেন।
বাবু/জেএম