প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৯:০২ পিএম (ভিজিট : ৪৫৭)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জের ধরে হানিফ মিয়া (২৫) নামের এক যুবককে গলায় কাচের গ্লাস ভাঙা ঢুকিয়ে গুরুতর আহত করেছে তার স্ত্রী। সোমবার (৭ নভেম্বর) দুপুরে পৌর শহরের কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত হানিফ মিয়া ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার পাঁচলীপাড়ার নুরুল ইসলামের ছেলে। এই ঘটনায় তার স্ত্রী মোসাম্মৎ মুক্তা (১৮)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ মিয়া পেশায় একজন সিএনজি চালিত অটো রিকশা চালক। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায় হলেও জীবিকার তাগিদে তিনি আখাউড়ার কলেজপাড়ায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন। হানিফ ও তার স্ত্রী মুক্তার মাঝে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে দুজনের মধ্যে পারিবারিক কলহের জেরে ঘরে পড়ে থাকা কাচের ভাঙা মুক্তা তার স্বামী হানিফের গলায় ঢুকিয়ে দেন। গুরুতর আহত অবস্থা হানিফকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় প্রতিবেশীরা। পরে বিকেলে হানিফকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া আখাউড়া থানার উপপরিদর্শক (এস.আই) মহিন উদ্দিন জানান, 'হানিফ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। এখনই এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না।'
বাবু/জেএম