প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১২:১৮ এএম আপডেট: ১৪.১১.২০২২ ১২:২৪ এএম (ভিজিট : ১৯৯)

X
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৫ নম্বর শ্রীফলতলী ইউনিয়নের বকসী বাড়ি-চন্দ্রা সড়কে সানাইদাপাড়া এলাকায় খালের ওপর নির্মিত কালভার্টটি জনসাধারণের কোনো কাজে আসছে না। জানা গেছে, দীর্ঘ ১৬ বছর ধরে অকেজো হয়ে এভাবেই পড়ে আছে কালভার্টটি।
সরেজমিনে গেলে উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো. আব্দুল কাদের, সানাই গ্রামের বাসিন্দা মো. মজিবর মাতাব্বর জানান, শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ থেকে ২০০৭ সালে সানাইদাপাড়া খালের ওপর কালভার্টটি নির্মাণ করা হয়। নির্মাণের কিছু দিন পর বন্যার পানির স্রোতে কালভার্টের দক্ষিণ পাশে ৩০০ গজ ও উত্তর পাশে ২০০ গজ সড়কের ব্যাপক ক্ষতি হয়। এরপর দীর্ঘ ১৬ বছর পেরিয়ে গেলেও খাদে মাটি ভরাট করে সড়কটি চলাচল উপযোগী করা হয়নি। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ রয়েই গেছে। শ্রীফলতলী ইউনিয়নের সানাইদাপাড়া, নাওলা, গুঠুরি ও বড়দলসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই সড়ক দিয়ে যাতায়াত করেন।
শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. বাবুল হোসেন, বড়দল গ্রামের টিপু খান, জিন্না মন্ডল ও গুঠুরি গ্রামের সেলিম হোসেন জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামত না করায় যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে। স্থানীয়রা প্রয়োজনে জনস্বার্থে ওই কালভার্টটি ভেঙে আরেকটি কালভার্টের চেয়ে বড় ব্রিজ নির্মাণ করার দাবি জানিয়েছে।
শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিবর রহমান জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, অপরিকল্পিতভাবে নির্মিত সানাইদাপাড়া কালভার্টটি ভেঙে ৫০ ফুট দীর্ঘ একটি ব্রিজ নির্মাণের জন্য শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যেই কালিয়কৈর উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।
বাবু/এসআর