প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৫:১১ পিএম (ভিজিট : ৩৪৫)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর, রামধননগর লিচু বাগানসহ কয়েকটি প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। রামধাননগর এলাকায় ঘরের নির্মাণ কাজ পরিদর্শণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
কাজের অগ্রগতি, মান এবং নির্ধারিত সময়ে কাজ শেষ হবে কীনা এসব বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, সরকারের নির্দেশনা হলো ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করতে হবে। আজকে আমি মূলত কৃষক সমাবেশে যোগদান করতে এসেছিলাম। সাথে আমি আশ্রয়ণ প্রকল্পের কাজের অগ্রগতি দেখে গেলাম। যে গতিতে কাজ এগোচ্ছে, আমি ইউএনও কে তাগাদা দিয়েছি যাতে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে পারে। কাজের মান এবং সার্বিক অগ্রগতি নিয়ে আমি সন্তুষ্ট। আপনারা জানেন যে, এখানে শ্রমিক পাওয়া যায় না। উত্তরবঙ্গ থেকে শ্রমিক আনতে হয়। আমরা চেষ্টা করছি বেশি শ্রমিক এনে যাতে দ্রুত কাজ শেষ করতে পারি।
এসময় ঘরের নির্মাণ কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার হচ্ছে, কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়টি উল্লেখ করে নির্মাণ সামগ্রীর মান সম্পর্কে জানতে চাইলে তিনি এ অভিযোগ সত্য নয় বলে মন্তব্য করে বলেন, আমি নিজে আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজ মনিটরিং করছি। এডিসি, ইউএনও সাহেব দেখভাল করছে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর। এখানে একটি টাকা নয়ছয় করার সুযোগ আমি কাউকে দিব না। আখাউড়ায় এর আগে এরকম একটি ঘটনা ঘটতে চলেছিল। আল্লাহর অশেষ কৃপায় আমরা শুরুতেই সেটা ধরতে পেরেছি। যারা এটার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিদর্শণকালে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, উত্তর ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান প্রমুখ। উল্লেখ্য, আখাউড়া উপজেলায় মোট ৬৫৩টি ঘর নির্মাণ করা হবে। বর্তমানে অবশিষ্ট ২৯০টি ঘরের নির্মাণ কাজ চলমান আছে। ইতোমধ্যে শতাধিক ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
বাবু/জেএম