প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৫:১৫ পিএম (ভিজিট : ১৮১)

X
কুড়িগ্রামের শিশু মারুফা জাহান মাইশার (৫) হাতের আঙুলের অপারেশন করতে গিয়ে মৃত্যুর ঘটনায় করা মামলায় দাফনের ১২ দিন পর মরদেহ উত্তোলন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তার (আইও) আবেদনের প্রেক্ষিতে সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা গ্রামে পারিবারিক কবস্থান থেকে শিশুটির মরদেহ উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকার রূপনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নয়ন দাশ, কুড়িগ্রামের নির্বাহী ম্যাজিস্টেট রেদওয়ান ইসলাম, স্থানীয় কমিশনার জমসেদ আলী টুংকু ও মাইশার পরিবারসহ এলাকাবাসী। মাইশার বাবা মোজাফফর হোসেন বলেন, আমার মেয়েকে ওরা হত্যা করেছে। মেয়ের মরদেহ গোসলের সময় দেখতে পাই পেটে ২০টি সেলাই। আমি নিশ্চিত ওরা আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি মামলা করেছি। আমার মেয়ে হত্যার বিচার চাই।
নয়ন দাশ বলেন, আদালতের আদেশের কপি পাওয়ার পর ময়নাতদন্তের স্বার্থে কবর থেকে মাইশার মরদেহ উত্তোলন করা হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়। আদালত সম্মতি দিলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সোমবার মাইশার মরদেহ কবর থেকে উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্টেট রেদওয়ান ইসলাম বলেন, শিশুটির বাবার দেয়া মামলার প্রেক্ষিতে আজকে লাশ উত্তোলন করা হলো। ময়নাতদন্তের পর যে রিপোর্টে আসল তথ্য জানা যাবে।
বাবু/জেএম