প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১:৪৬ পিএম আপডেট: ০৭.০১.২০২৬ ২:৪৩ পিএম (ভিজিট : ১০৭)

X
ভোলার লালমোহন উপজেলার কচুয়াখালি গ্রামে সংঘটিত অটোবোরাক চালক আবুবকর সিদ্দিককে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এক ঘাতককে আটক করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে লালমোহন থেকে আটককৃত ব্যক্তি চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তবে তিনি লালমোহন উপজেলার পার্শ্ববর্তী গজারিয়া খালগোড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পুকুরপাড় থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।
জানা যায়, গত ৩০ ডিসেম্বর রাতে চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অটোবোরাক চালক আবুবকর ছিদ্দিক (বলি)কে লালমোহনের গজারিয়া এলাকায় যাওয়ার কথা বলে রিজার্ভ ভাড়ায় অটোবোরাকে ওঠেন আটককৃত ঘাতক। পথে একটি নির্জন স্থানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে চালকের অটোবোরাকটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় সে।
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তিনি।