প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১১:০৫ এএম (ভিজিট : ৫৪)

X
প্রতীকী ছবি
বগুড়ার সারিয়াকান্দিতে অটোরিকশার সাথে ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬ টায় হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল গ্রামের ভেড়ামারা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোছা. রহিমা খাতুন (৭) । সে উপজেলার নিজ বলাইল গ্রামের মৃত্যু সাইদুল আকন্দের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকালে শিশু রহিমা তাদের নিজ বাড়ি থেকে বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধের অপর পাশে খেলাধুলা করতে যায়। খেলাধুলা শেষে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বেড়িবাঁধ পার হয়ে বাড়িতে ফেরার চেষ্টা করে। কিন্তু সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সে ধাক্কা খায়। ধাক্কায় ঘটনাস্থলে শিশু গুরুতর আহত হয়।
সেখানে থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার সময় শিশুটি মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ব্যাটারি চালিত অটোরিকশা চালক কে আটক করে সারিয়াকান্দি থানায় সোপর্দ করে।
সারিয়াকান্দি থানার ওসি তদন্ত নূর আলম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল ইতিমধ্যেই পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার শাকিল নামের একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালককে আটক করা হয়েছে।