
ডোমারে অটোরিকশার টোল আদায় নিয়ে সংঘর্ষ, বাড়ছে রাজনৈতিক অস্থিরতা
নীলফামারীর ডোমারে অটোরিকশার টোল আদায়কে কেন্দ্র করে বাড়ছে প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে অস্থিরতা। ইতিমধ্যে টোল আদায়কারী ও অটোরিকশা চালকদের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় আব্দুর রশিদ নামে এক টোল আদায়কারী মারধরের শিকার হন।
ইজারাদারের কাছে চাঁদা দাবী ও টোল আদায়কারীর উপর হামলার প্রতিবাদে রবিবার (১৯ এপ্রিল) দুপুরে ডোমার রেলগেট মোড়ে এক মানববন্ধন করে স্থানীয় বিএনপি'র নেতা-কর্মীরা। এতে উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, শ্রমিকদল ও যুবদলের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল শান্তিপূর্ণ ডোমারকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা পৌরসভার বৈধ টোল আদায়ে নিয়োজিত ইজারাদারদের ওপর হামলা ও মারধর করছে। একই সঙ্গে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে।

চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টোল আদায়ের নামে তাদের হয়রানি করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে টোল দিতে না পারলে গাড়ির চাবি কেড়ে নেওয়া এবং মারধরের ঘটনাও ঘটছে বলে দাবি তাদের।
অন্যদিকে ইজারাদাররা জানান, তারা পৌরসভার নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে অর্থ জমা দিয়ে বৈধভাবে ইজারা নিয়েছেন। নিয়ম মেনে টোল আদায় করা হলেও কিছু ব্যক্তি চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা চালকদের উসকে দিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করে এবং তাদের একজনকে মারধর করে আহত করে।
উল্লেখ্য, শুক্রবার অটো ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান থেকে টোল আদায়ের প্রতিবাদে চালকেরা সড়ক অবরোধ করে। এ সময় অবরোধে বাধা দিতে গেলে আব্দুর রশিদ নামে এক টোল আদায়কারী মারধরের শিকার হন।
পরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বীর আশ্বাসে প্রায় ছয় ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।