
X
সহায়তা অনুদান ও সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল (বিশেষ) এবং বিভিন্ন সরকারি কর্মসূচির আওতায় উন্নয়ন সহায়তা ও অনুদান সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন অনুদান ও সামগ্রী বিতরণ করেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
বিতরণ কালে প্রধান অতিথি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং পরিবেশ সংরক্ষণে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু, সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামাণিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর আলম, যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপকারভোগীদের মাঝে অনুদানের চেক, সৌর প্যানেল স্থাপন, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, কর্মক্ষম প্রতিবন্ধী ও অসচ্ছল বেকার যুবকদের ভ্রাম্যমান দোকানঘর, শিক্ষা প্রতিষ্ঠানে জোড়া বেঞ্চ ও সিলিং ফ্যান, প্রতিবন্ধীদের হুইলচেয়ার, দরিদ্র পরিবারের জন্য নলকূপ এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৩টি ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ৫০ লাখ টাকা, স্পিকারের পক্ষ থেকে ৬১ জন উপকারভোগীদের ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।
সমাজকল্যাণ অধিদপ্তরের আওতায় ৪০টি নিহত, অসহায়, অসুস্থ ও দুঃস্থ পরিবারের মাঝে মোট ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলার ২১টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৬০ মেট্রিক টন চাল বিতরণ করে।
উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে ৬টি ইউনিয়নে সৌর প্যানেল, চরাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, এডিপি থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ জোড়া এবং রাজস্ব উন্নয়ন খাতে ১০০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।