
X
জাপান থেকে আগত NUS ভলেন্টিয়ার মারিকো আদাচি
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (BNF) এর অর্থায়নে এবং নারী উন্নয়ন শক্তি (NUS) এর আয়োজনে ১–২ আগস্ট ২০২৬ তারিখে "ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা ও সফল উদ্যোক্তা উন্নয়ন" শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি গতকাল ঢাকার খিলগাঁওয়ের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে পালিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও প্রধান অতিথির বক্তব্য রেখেছেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (BNF) এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান, সভাপতি হিসেবে বক্তব্য রাখেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনএফ এর উপমহাব্যবস্থাপক মোস্তফা কামাল, ইয়াং উইমন ফর ডেভেলপমেন্ট রাইটস এন্ড ক্লাইমেট এর এক্সিকিউটিভ চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ, জাপান থেকে আগত NUS ভলেন্টিয়ার মারিকো আদাচি ও মোহাম্মদ ইয়াছিন পাটওয়ারি।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা তাদের অর্থনৈতিক কষ্ট ও বাস্তব চিত্র তুলে ধরেন। তারা বলেন, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হওয়ার ফলে লাখো নারী ঝুঁকির সম্মুখীন; উপার্জনের অভাবে অনেকেই অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ কর্মে জড়াতে বাধ্য হচ্ছেন। অংশগ্রহণকারীরা বিশেষভাবে উল্লেখ করেন যে পেটের তাগিদে অনেকে যৌনকর্মে সম্পৃক্ত হওয়ার দিকে ঠেলে পড়ছেন, যা স্বাধীনতা, মর্যাদা ও জাতীয় উন্নয়নের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত দুঃখজনক বিষয়।
প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল স্বল্পশিক্ষিত, নিম্ন আয়ের ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান, ব্যবস্থাপনা দক্ষতা, আর্থিক পরিকল্পনা, বাজার বিশ্লেষণ এবং উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখেন। দুই দিনব্যাপী কর্মশালা ও বিভাগীয় সেশনগুলোতে প্রাসঙ্গিক ব্যবসায়িক ধারণা, ক্ষুদ্র ব্যবসা পরিচালনার কৌশল, লগ-বুক ও হিসাব রক্ষণ, বাজারজাতকরণ ও গ্রাহকসেবা ইত্যাদি বিষয়গুলি কভার করা হয়।
প্রশিক্ষণ শেষে নির্বাচিত ১৮ জন নারীকে বাস্তব ব্যবসায়িক পুঁজি প্রদান করা হয়। বছর মেয়াদী এদের ব্যবসা সফলতার জন্য মেন্টরিং করা হবে। এই পুঁজির মাধ্যমে তারা নিজ নিজ ক্ষুদ্র ব্যবসা শুরু বা সম্প্রসারণ করে আয় বৃদ্ধি, পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তারা জোর দিয়ে বলেন যে- নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা অপরিহার্য। এসব উদ্যোগ নারী উদ্যোক্তাদের আত্মনির্ভর করে তুলতে এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বক্তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন দ্রুত ও কার্যকর নীতিমালা গ্রহণ করে নারীদের জন্য প্রয়োজনীয় পুঁজি, প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করার। বিশেষ করে হতদরিদ্র নারীদের জন্য লক্ষ্যভিত্তিক কর্মসংস্থান পরিকল্পনা, সহজতর ঋণ সুবিধা, ও নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টির ব্যবস্থা জরুরি। বক্তারা উল্লেখ করেন যে দ্রুত উদ্যোগ না নিলে কর্মহীন নারীদের ঝুঁকি আরও বাড়বে এবং তা সামাজিক সমস্যায় রূপ নেবে।