প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:০৭ এএম (ভিজিট : ২)

X
ফাইল ছবি
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর নাম দীর্ঘদিন ধরেই ওতপ্রোতভাবে জড়িয়ে। তবে এবার জনপ্রিয় এই কুইজ শোয়ের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত—তাও একেবারেই ভিন্ন ভূমিকায়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেবিসির হিন্দি সংস্করণের নতুন মৌসুমে অমিতাভ বচ্চনের উপস্থাপনা থাকলেও মাধুরীকে দেখা যাবে শোটির মরাঠি সংস্করণের সঞ্চালিকার ভূমিকায়। ফলে প্রথমবারের মতো কেবিসির মরাঠি সংস্করণে সঞ্চালকের আসনে মাধুরীর উপস্থিতি দর্শকদের জন্য যোগ করতে যাচ্ছে নতুন আকর্ষণ।
এর আগে মরাঠি কেবিসি-তে সঞ্চালক হিসেবে দেখা গেছে স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর কিংবা নাগরাজ মঞ্জুলের মতো খ্যাতনামা তারকাদের।
তবে এই প্রথম কোনো নারী সঞ্চালককে কেন্দ্র করে সাজানো হচ্ছে মরাঠি সংস্করণটি। সেই দিক থেকে মাধুরীর হাত ধরে তৈরি হচ্ছে নতুন ইতিহাস।
নিজের এই নতুন অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মাধুরী নিজেই। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন তিনি। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধনে তৈরি এই প্ল্যাটফর্মের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত। নতুন উদ্যম নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।
চলচ্চিত্র ক্যারিয়ারের পাশাপাশি একাধিক রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে মাধুরীকে দেখা গেলেও, পূর্ণাঙ্গ কুইজ শোয়ের সঞ্চালক হিসেবে এবারই প্রথম তার আত্মপ্রকাশ। প্রিয় তারকাকে এমন নতুন অবতারে দেখার অপেক্ষায় দিন গুনছেন তার কোটি অনুরাগী। সামাজিক মাধ্যমে ভেসে আসছে শুভকামনার জোয়ার।
মারাঠি কেবিসি-র ইতিহাসে মাধুরী প্রথম নারী সঞ্চালক হলেও পুরো কেবিসি-র আঞ্চলিক সংস্করণের ক্ষেত্রে তিনি প্রথম নন। এর আগে তামিল ভাষার ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে সফলভাবে সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার।