প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:১৭ এএম আপডেট: ১৩.০৮.২০২৬ ১১:৩১ এএম (ভিজিট : ২)

X
সংগৃহীত ছবি
গাজীপুর সাফারি পার্কে স্বল্প সময়ের ব্যবধানে দুই হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে আঘাতজনিত জটিলতায় ভুগতে থাকা রাজু বাহাদুর নামের একটি হাতি এবং ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে আক্রান্ত আরেকটি হাতি মারা গেছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে দুই হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।
পার্ক কর্তৃপক্ষ জানায়, ৭ আগস্ট সকালে দীর্ঘদিন ধরে আহত থাকা রাজু বাহাদুর হাতিশালায় মারা যায় এর আগে গত ৬ আগস্ট রাতে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে আরও একটি হাতির মৃত্যু হয়। অল্প সময়ের ব্যবধানে পরপর দুই হাতির মৃত্যুতে পার্ক কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের ২৪ মে পার্কের হাতিশালায় শেকলে বাঁধা রাজু বাহাদুরের ওপর হামলা করে ‘জয়িতা’ নামে ৪ বছর বয়সী অন্য একটি হাতি। আক্রমণে রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। আহত হাতির চিকিৎসায় গঠন করা হয় মেডিকেল বোর্ড এবং থাইল্যান্ড থেকে আনা হয় বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক। পাশাপাশি শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ নেয়া হয়েছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে গত ৭ আগস্ট হাতিটির মৃত্যু হয়।
অন্যদিকে, ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত হয়ে গত ৬ আগস্ট রাতে সাফারি পার্কের আরও একটি হাতির মৃত্যু ঘটে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দুটি হাতির মৃত্যুর পর এগুলোর দেহের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হাতি দুটিকে পার্কের ভেতরেই মাটিচাপা দেয়া হয়। বর্তমানে সাফারি পার্কে হাতির সংখ্যা কমে ৮টিতে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে ৯ বছর বয়সী রাজু বাহাদুরকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় নিয়ে আসে।