রূপালি মাছেই বদলাতে পারে হাওরপাড়ের অর্থনীতি: এমপি জীবন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন

2026-08-16T15:12:11+00:00
2026-08-16T15:12:11+00:00
রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
   
রূপালি মাছেই বদলাতে পারে হাওরপাড়ের অর্থনীতি: এমপি জীবন
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:১২ পিএম   (ভিজিট : ০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। 

মৎস্যসম্পদে সমৃদ্ধ হাওরাঞ্চল বানিয়াচংয়ে মাছ উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয় রক্ষা ও মৎস্যচাষীদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় উপজেলা সভাকক্ষে আয়োজিত উদ্ভোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জীবন বলেন, বাংলাদেশের অর্থনীতি, জাতীয় পুষ্টির চাহিদা পূরণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম। হাওরবেষ্টিত বানিয়াচং প্রাকৃতিক মৎস্যসম্পদের এক অপার সম্ভাবনাময় জনপদ। এ সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক মৎস্যচাষ পদ্ধতির সম্প্রসারণ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যচাষীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, শুধু মাছ উৎপাদন বাড়ালেই হবে না; হাওরের জলাশয় ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে হবে। নিরাপদ ও পুষ্টিকর মাছ উৎপাদনের পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ করা গেলে দেশের মৎস্য উৎপাদনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

এমপি জীবন আরও বলেন, মৎস্য খাতকে ঘিরে গ্রামের অসংখ্য পরিবার জীবিকা নির্বাহ করে। একজন সফল মৎস্যচাষী শুধু নিজের পরিবারের মুখে হাসি ফোটান না, একই সঙ্গে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতির চাকা সচল রাখেন। তাই মৎস্যচাষীদের পাশে দাঁড়ানো এবং তাঁদের উৎপাদন ও বাজারজাতকরণে সহযোগিতা করা সময়ের দাবি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গালিব হোসাইন ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাওর ও জলাশয় দখল, অবৈধভাবে মাছ আহরণ, প্রজনন মৌসুমে মা মাছ নিধন এবং জলজ পরিবেশের ক্ষতি—এসব বন্ধ করা না গেলে ভবিষ্যতে দেশীয় মাছের বৈচিত্র্য ও উৎপাদন মারাত্মকভাবে হুমকির মুখে পড়তে পারে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ, মৎস্যচাষী ও জেলেদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি এমপি ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, মৎস্যচাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি এমপি ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। পোনা অবমুক্তির মধ্য দিয়ে যেন হাওরের জলজ জীববৈচিত্র্য রক্ষার নতুন প্রত্যাশারও সূচনা হলো—প্রকৃতির বুক থেকে হারিয়ে যেতে বসা দেশীয় মাছ আবার ফিরবে, সমৃদ্ধ হবে মৎস্যসম্পদ, আর এর সঙ্গে হাসি ফুটবে হাওরপাড়ের অসংখ্য মানুষের মুখে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy