সময়ের সঙ্গে সঙ্গে সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রত্যাশা বদলায়। প্রযুক্তি, অর্থনীতি ও বৈশ্বিক সংযোগের এই যুগে মানুষের সচেতনতা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে জবাবদিহিমূলক, মানবিক ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজনীয়তাও।
কারণ আজকের পৃথিবীতে একটি সঠিক সিদ্ধান্ত যেমন উন্নয়নের দ্বার খুলে দিতে পারে, তেমনি একটি ভুল নেতৃত্ব পুরো সমাজকে অনিশ্চয়তা ও অবক্ষয়ের দিকে ঠেলে দিতে পারে।
এই প্রেক্ষাপটে রাজনীতি, নেতৃত্ব ও নেতা—এই তিনটি শব্দ কেবল ক্ষমতা বা অবস্থানের প্রতীক নয়; বরং এগুলো হওয়া উচিত আদর্শ, মূল্যবোধ ও দায়বদ্ধতার প্রতিফলন। একজন প্রকৃত নেতার চিন্তায় থাকবে সৃজনশীলতা, কথায় থাকবে শালীনতা, আচরণে থাকবে সংযম, আর সিদ্ধান্তে থাকবে ন্যায়বোধ ও বিশ্লেষণী শক্তি। বিরোধিতা বা প্রতিযোগিতাও হবে গঠনমূলক—ব্যক্তিগত আক্রমণ নয়, বরং যুক্তি ও নীতির ভিত্তিতে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাস্তবতা প্রায়ই ভিন্ন চিত্র তুলে ধরে। অনেক ক্ষেত্রে দেখা যায়, নেতৃত্বের জায়গাগুলো দখল করে নিচ্ছে এমন এক প্রবণতা যেখানে শালীনতা, সহনশীলতা ও যুক্তিবোধ ক্রমেই বিলীন হচ্ছে। ভাষার ব্যবহার হয়ে উঠছে আক্রমণাত্মক, আচরণ হয়ে উঠছে অসহিষ্ণু, আর মতবিরোধ রূপ নিচ্ছে ব্যক্তিগত বিদ্বেষে। ফলে রাজনীতি হয়ে উঠছে সাধারণ মানুষের জন্য ভীতিকর ও বিরক্তিকর এক ক্ষেত্র।
এর প্রভাব শুধু রাজনৈতিক অঙ্গনেই সীমাবদ্ধ থাকে না; এটি সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে। তরুণ প্রজন্ম রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়, ভদ্র ও সচেতন মানুষ নিজেকে গুটিয়ে নেয়, এবং সুযোগ পায় চাটুকার ও অবনমনশীল মানসিকতার একটি গোষ্ঠী। এতে করে ধীরে ধীরে একটি সমাজ তার গুণগত শক্তি হারাতে শুরু করে।
বর্তমান বিশ্ব বাস্তবতায়—যেখানে অর্থনৈতিক প্রতিযোগিতা, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, প্রযুক্তিগত রূপান্তরসহ নানা জটিল চ্যালেঞ্জ বিদ্যমান—সেখানে একটি দেশের জন্য সুস্থ ও কার্যকর নেতৃত্ব অপরিহার্য। নেতৃত্ব যদি দায়িত্বজ্ঞানহীন হয়, তবে উন্নয়ন শুধু বাধাগ্রস্তই হয় না, বরং তা টেকসইও হয় না।
তাই, নেতৃত্বে আসতে হবে সেইসব মানুষকে, যারা সমাজের কল্যাণে সত্যিকার অর্থে কাজ করতে আগ্রহী, যারা ভিন্নমতকে সম্মান করতে জানে, এবং যারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সামষ্টিক উন্নয়নকে প্রাধান্য দেয়।
আমাদের প্রত্যাশা—রাজনীতি আবার মানুষের আস্থা ফিরে পাক, নেতৃত্ব হোক মানবিক ও জবাবদিহিমূলক, এবং রাষ্ট্র/সমাজ/প্রতিষ্ঠান পরিচালনা হোক ন্যায়, যুক্তি ও মূল্যবোধের ভিত্তিতে। তাহলেই একটি উন্নত, সুস্থ ও গঠনমূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।
ড. মো. আনোয়ার হোসেন
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট