প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:৪৬ পিএম (ভিজিট : ৩৭)

X
ছবি : প্রতিনিধি
শেরপুর সদর থানায় দায়ের করা একটি ডাকাতি মামলার তদন্ত প্রাপ্ত পলাতক আসামি মো. হাফেজ উদ্দিন ওরফে হৃদয় (২২)-কে গ্রেপ্তার করেছে সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত প্রাপ্ত তথ্যের আলোকে বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কাচপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ রাত প্রায় ১১টা ৩৫ মিনিটে শেরপুর সদরের মির্জাপুর এলাকার মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী গোলাম মো. আরিফ (হীরা) দোকান বন্ধ করে নগদ ৫ লাখ টাকা, প্রায় ১ লাখ টাকার রিচার্জ কার্ড, সিম ও ৬টি মোবাইল ফোন নিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে খোয়ারপাড়-কলেজ মোড় এলাকায় একদল দুর্বৃত্ত তার ব্যাগ ছিনিয়ে নিয়ে সিএনজিযোগে পালিয়ে যায়।
এ ঘটনায় গত ৩১ মার্চ শেরপুর সদর থানায় দণ্ডবিধির ৩৯২, ৩৯৫ ও ৩৯৭ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত হৃদয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।